সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল জমি ৩০ দিনের মধ্যে উদ্ধারের নির্দেশ
রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধার করে ৩০ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে রুলও জারি করা হয়েছে।
রিটের পক্ষে শুনানি করা আইনজীবী মো. শফিকুল ইসলাম মিজান জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৩০ দিনের মধ্যে বেদখল হওয়া জমি উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে এবং বাস্তবায়নের অগ্রগতি আদালতে জানাতে বলা হয়েছে।
গত ৩ এপ্রিল একটি জাতীয় দৈনিকে হাসপাতালের প্রায় ৩০ একর জমি বেদখলের বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের নামে মোট ৩২ একর জমি বরাদ্দ থাকলেও প্রায় ৮ একর জমিতে হাসপাতাল ভবন, আবাসিক কোয়ার্টার, মসজিদ ও পানির পাম্প রয়েছে। বাকি জমির একটি অংশে বিভিন্ন সরকারি স্থাপনা থাকলেও বরাদ্দসংক্রান্ত নথি পাওয়া যায়নি।
এ ছাড়া অবশিষ্ট খালি জমির বড় অংশ বহিরাগতদের দখলে রয়েছে। সেখানে অবৈধভাবে কাঁচা-পাকা ঘরবাড়ি, দোকানপাট, কাঁচাবাজার, বরফকল এবং রিকশা ও অটোরিকশার গ্যারেজ নির্মাণ করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
পরে গণমাধ্যমের প্রতিবেদন সংযুক্ত করে পপার্স লিগ্যাল এইড ফাউন্ডেশনের পক্ষ থেকে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই রিটের শুনানি শেষে আদালত বেদখল জমি উদ্ধার করে ৩০ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।
মতামত দিন