Views Bangladesh Logo

ইউপি চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে ন্যূনতম স্নাতক শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের নির্দেশনা চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

বুধবার (২২ জুলাই) সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে আদালত জানতে চান, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারার অধীনে চেয়ারম্যান পদে প্রার্থীদের জন্য কেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হবে না। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান এ রিট আবেদনটি দায়ের করেন।

শুনানি শেষে আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান সাংবাদিকদের বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রাম আদালত পরিচালনাসহ গুরুত্বপূর্ণ বিচারিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে। গ্রাম আদালতে তিনি তিন লাখ টাকা মূল্যমানের দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির ক্ষমতা প্রয়োগ করতে পারেন।

তিনি বলেন, যে ধরনের বিচারিক ক্ষমতা প্রয়োগের জন্য একজন বিচারিক ম্যাজিস্ট্রেটকে স্নাতক ডিগ্রি অর্জন করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য আইনে কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই। এ কারণেই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের আবেদন করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ