Views Bangladesh Logo

ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল

রাজধানী ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ডিটেইল্ড এরিয়া প্ল্যান—ড্যাপ) বাস্তবায়ন কেন দৃশ্যমান হচ্ছে না এবং এটি যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আইন ও মানবাধিকার বিষয়ক সংগঠন মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার (মওসুস) জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের দীর্ঘ শুনানি শেষে সোমবার (১৪ সেপ্টেম্বর) এ রুল জারি করা হয়।

বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী ও মওসুসের চেয়ারম্যান ড. মো. গোলাম রহমান ভূঁইয়া।

রিট আবেদনে সংবিধানের ২৭ অনুচ্ছেদে বর্ণিত আইনের দৃষ্টিতে সমতার বিষয়টি উল্লেখ করে বলা হয়, রাজধানী ঢাকাকে পরিকল্পিত, পরিবেশবান্ধব ও জনবান্ধব নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ড্যাপ প্রণয়ন করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এর বাস্তবায়ন কাঙ্ক্ষিত মাত্রায় দৃশ্যমান হয়নি।

আবেদনে আরও বলা হয়, ড্যাপ বাস্তবায়নে ধীরগতির কারণে নগরে জলাধার ও উন্মুক্ত স্থান দখল, অপরিকল্পিত ভবন নির্মাণ, পরিবেশের ভারসাম্যহীনতা এবং অসহনীয় যানজটসহ বিভিন্ন নাগরিক সংকট তীব্র হচ্ছে। ড্যাপের বিধান বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ ও জবাবদিহিতা নিশ্চিত করতেই জনস্বার্থে রিটটি করা হয়েছে।

শুনানি শেষে ড. মো. গোলাম রহমান ভূঁইয়া বলেন, ড্যাপের কার্যকর বাস্তবায়ন কেবল নগর পরিকল্পনার বিষয় নয়; এটি নাগরিকদের মৌলিক অধিকার, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ বসবাসের সঙ্গে জড়িত।

হাইকোর্টের এ আদেশের ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা বাড়বে এবং ঢাকার টেকসই ও পরিকল্পিত রূপান্তর ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ