Views Bangladesh Logo

৫ মামলায় দীপু মনি কেন জামিন পাবেন না, জানতে চেয়ে হাই কোর্টের রুল

বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী দীপু মনিকে পাঁচটি মামলায় কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট।

সোমবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রফিজুল ইসলামের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, রুলে সরকারকে বিবাদী করা হয়েছে এবং চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

যেসব মামলায় এ রুল জারি করা হয়েছে, সেগুলো হলো—গাজীপুরের গাছা থানায় ২০২৪ সালের ৫ অক্টোবরের হত্যা মামলা, আদাবর থানার ৪ আগস্টের হত্যা মামলা, শাহবাগ থানার ২৫ অক্টোবরের হত্যা মামলা, শাহবাগ থানার ২৩ মার্চের মামলা এবং বাড্ডা থানার ১৬ নভেম্বরের দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারার মামলা।

আদালতে দীপু মনির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রমজান আলী শিকদার। তাকে সহযোগিতা করেন আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মো. মাসুদুল আলম দোহা।

আইনজীবী ফয়সাল জানান, হত্যা, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার অভিযোগসহ বিভিন্ন মামলায় দীপু মনিকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে প্রায় ৭০টি মামলা রয়েছে। এর মধ্যে আদালতে এখন পর্যন্ত ৩৮টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, ঢাকার বাইরে চাঁদপুরেও দীপু মনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত তিনটি মামলায় দীপু মনি জামিন পেয়েছেন। এর মধ্যে দুটি মামলায় জামিন স্থগিত করা হয়েছে এবং একটি মামলায় জামিন বহাল রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ