Views Bangladesh Logo

সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন হলেও আপাতত কারামুক্ত হচ্ছেন না

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফারজানা রুপা ছয়টি মামলায় এবং শাকিল আহমেদ পাঁচটি মামলায় জামিন লাভ করেন। তবে একটি করে মামলায় তাদের জামিন আবেদন খারিজ করে রুল জারি করায় আপাতত তারা কারামুক্ত হতে পারছেন না বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।

সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার মামলার শুনানি শেষে জামিনের এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষের হয়ে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একাধিক হত্যা মামলাসহ মোট সাতটি মামলায় এই সাংবাদিক দম্পতির জামিন আবেদনের ওপর শুনানি শেষে আদালত আদেশের জন্য ১১ মে দিন ধার্য করেছিলেন। গত ২১ এপ্রিল এসব মামলায় জামিন আবেদন শুনানি শেষ হয়। সে সময় রাষ্ট্রপক্ষের আবেদনের পর আদেশের দিন পিছিয়ে দেওয়া হয়েছিল। শুনানিতে রাষ্ট্রপক্ষে আরও অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন উত্তরা পূর্ব থানায় দায়ের করা ফজলুল করিম হত্যা মামলায় আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে একই বছরের ২৬ আগস্ট আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় তাদের আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়। এরপর ৩১ আগস্ট ওই মামলায় আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ