হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে করা রিট খারিজ
হলফনামায় সম্পদের তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
সোমবার (৯ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদ রাজী ও ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
হান্নান মাসউদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, আদালত রিট আবেদনটি খারিজ করেছেন। হলফনামায় সম্পদের বিবরণে গরমিল একটি তথ্যগত বিষয়। এ ধরনের বিষয় রিট আবেদনের মাধ্যমে হাইকোর্টে নিষ্পত্তিযোগ্য নয় বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত।
তিনি আরও বলেন, এ ধরনের অভিযোগ নিষ্পত্তির জন্য যথাযথ কর্তৃপক্ষ রয়েছে। কিন্তু আবেদনকারীরা সেই কর্তৃপক্ষের কাছে যাননি। সার্বিক বিষয় বিবেচনায় আদালত রিট আবেদনটি খারিজের সিদ্ধান্ত নেন।
এর আগে গত ১৯ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি জমা দেওয়া হয়। হাতিয়া উপজেলার বাসিন্দা ও নোয়াখালী-৬ আসনের ভোটার নাজমুল হোসেনের পক্ষে অ্যাডভোকেট ইব্রাহিম খলিল এ আবেদন করেন।
ইব্রাহিম খলিল বলেন, আদালতের মন্তব্য করেছেন, হান্নান মাসউদের সম্পদ থাকলেও তিনি তা গোপন করেননি, বরং বেশি দেখিয়েছেন।
তিনি আরও জানান, যে সম্পদ নেই, তা বেশি দেখানোর ফলে পরবর্তী সময়ে সমন্বয় করার সুযোগ থাকতে পারে বলেও আদালত উল্লেখ করেছেন।
এ বিষয়ে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না, জানতে চাইলে অ্যাডভোকেট খলিল বলেন, এ বিষয়ে তিনি তার মক্কেলের সঙ্গে কথা বলেছেন। তারা চাইলে অন্য কোনো আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।
আদালত সূত্রে জানা যায়, আবেদনে নোয়াখালী-৬ আসন শূন্য ঘোষণার নির্দেশনা চাওয়ার পাশাপাশি আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ কেন বাতিল করা হবে না এবং তার বিরুদ্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা ও তদন্তের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়।
এছাড়া নির্বাচন কমিশন, সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া আবেদনগুলো নিষ্পত্তির নির্দেশনাও চাওয়া হয়েছিল।
এর আগে রিট আবেদনের পক্ষে আইনজীবী খলিল বলেছিলেন, একজন ছাত্র হয়েও আবদুল হান্নান মাসউদ তার নির্বাচনি হলফনামায় এক কোটি টাকার সম্পত্তির মালিকানার তথ্য উল্লেখ করেছেন।
তিনি আরও বলেন, গত ৮ জুন হান্নান মাসউদ নিজেই স্বীকার করেছেন, সম্পদের এই তথ্য শুধু দেখানোর জন্য দেওয়া হয়েছিল।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই তার সংসদ সদস্য পদ বাতিলসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি করা হয় বলে জানান আইনজীবী।
মতামত দিন