ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে নির্দেশের বিরুদ্ধে আপিল
ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে এ আপিল আবেদন দাখিল করা হয়।
এর আগে গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গ্রামীণ কল্যাণের দায়ের করা দুটি রিট খারিজ করে রায় দেন। এর ফলে এনবিআরের দাবি করা ওই অর্থ আদায়ের ক্ষেত্রে আইনি বাধা দূর হয় বলে জানিয়েছেন আইনজীবীরা।
মামলার সূত্রে জানা যায়, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচটি করবর্ষের আয়কর পুনর্মূল্যায়নকে কেন্দ্র করে এনবিআরের সঙ্গে গ্রামীণ কল্যাণের বিরোধের সূত্রপাত। কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে প্রতিষ্ঠানটি পৃথক দুটি রিট আবেদন করে। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট সংশ্লিষ্ট বিষয়ে রুল জারি করেন। পরবর্তী সময়ে সেই রুল খারিজ করে দেন আদালত।
গত ১২ অক্টোবর সংশ্লিষ্ট বিচারপতিদের স্বাক্ষরের পর মামলার পৃথক দুটি পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ স্বপ্রণোদিতভাবে এ-সংক্রান্ত আগের রায় প্রত্যাহার করে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান। পরে মামলাটি শুনানির জন্য নতুন বেঞ্চে পাঠানো হয়।
বর্তমানে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিলের পরবর্তী বিচারিক কার্যক্রমের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের। আপিল বিভাগে আবেদনটির শুনানি ও নিষ্পত্তির মাধ্যমে কর দাবির বিষয়ে পরবর্তী আইনি অবস্থান স্পষ্ট হবে।
মতামত দিন