Views Bangladesh Logo

মামলা জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে জোর দিচ্ছে সরকার: আইনমন্ত্রী

দেশে দীর্ঘদিনের মামলা জট কমিয়ে দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং এডিআরের ব্যবহার বাড়ার ফলে ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে নির্দিষ্ট কয়েকটি আইনের আওতায় নতুন মামলা দায়েরের হার ৬২ শতাংশের বেশি কমেছে।

বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের (ডিএলএস) সঙ্গে ব্লাস্ট ও ব্র্যাকের পৃথক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বর্তমানে দেশের বিভিন্ন আদালতে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। এই চাপ কমাতে সরকার ধারাবাহিকভাবে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির সম্প্রসারণে কাজ করছে।

আইনমন্ত্রী বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি ব্লাস্ট ও ব্র্যাকের মতো অভিজ্ঞ বেসরকারি সংস্থার দক্ষতা কাজে লাগানো হবে। একই সঙ্গে জাইকা, জিআইজেড ও ইউএনডিপিসহ আন্তর্জাতিক উন্নয়ন অংশীদাররাও এডিআর কার্যক্রম শক্তিশালী করতে সহযোগিতা করছে। তিনি মালয়েশিয়ার উদাহরণ তুলে ধরে বলেন, মধ্যস্থতার মাধ্যমে দেশটি অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্যভাবে মামলা জট কমাতে সক্ষম হয়েছিল। বাংলাদেশেও মামলা দায়েরের আগে এবং বিচারাধীন অবস্থায় উভয় পর্যায়েই এডিআরের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্পত্তি-সংক্রান্ত বিরোধ কমাতে সরকার আইনি সংস্কারের পরিকল্পনা করছে বলেও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, দানপত্র বা হেবা এবং উইলের ক্ষেত্রে ‘ভোগাধিকার’ (ইউসুফ্রাক্ট রাইট) যুক্ত করার বিষয়ে ভাবা হচ্ছে। এতে সম্পত্তি হস্তান্তরের পরও পিতা-মাতা জীবিত থাকা পর্যন্ত সম্পত্তি ভোগদখলের অধিকার নিজেদের কাছে রাখতে পারবেন এবং তাদের সম্মতি ছাড়া তা বিক্রি করা যাবে না। এর ফলে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ ও দেওয়ানি মামলা উল্লেখযোগ্যভাবে কমবে বলে সরকারের আশা।

তিনি আরও বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যেন বিচার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করা হচ্ছে। সম্প্রতি আলোচিত কয়েকটি ঘটনার ভুক্তভোগী পরিবারকেও সরকারি লিগ্যাল এইডের মাধ্যমে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, এস. এম. এরশাদুল আলম, আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, ব্র্যাকের সেল্প কর্মসূচির সহযোগী পরিচালক শাশ্বতী বিপ্লবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ