Views Bangladesh Logo

লিগ্যাল এইডের মাধ্যমে বিনা খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ

সরকারি অর্থায়নে বিনা খরচে আইনি সহায়তা পেয়েছেন দেশের ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন মানুষ। আর্থিক সংকটের কারণে যাঁদের পক্ষে আইনজীবী নিয়োগ বা আইনি সেবা গ্রহণ কঠিন, তাঁদের জন্য পরিচালিত এ কর্মসূচির আওতায় আদালত, জেলা কার্যালয়, শ্রমিক সহায়তা কেন্দ্র ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। সংস্থাটির প্রতিবেদনে আইনি সহায়তা দেওয়ার বিভিন্ন মাধ্যম এবং সেবাগ্রহীতার সংখ্যাও তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ আইনি সহায়তা পেয়েছেন। এ সংখ্যা ১৩ লাখ ৮৩ হাজার ৬১৭। অন্যদিকে, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সহায়তা পেয়েছেন ৩১ হাজার ৪০৯ জন।

শ্রমজীবী মানুষের আইনি অধিকার রক্ষায় ঢাকা ও চট্টগ্রামে পরিচালিত শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমেও সেবা দেওয়া হচ্ছে। এ দুই কেন্দ্রের মাধ্যমে আইনি সহায়তা পেয়েছেন ৩০ হাজার ৬৫৮ জন।

এদিকে, সরাসরি কার্যালয়ে না গিয়েও আইনি পরামর্শ পাওয়ার সুযোগ রয়েছে সরকারি হেল্পলাইনে। টোল ফ্রি জাতীয় হেল্পলাইন ১৬৬৯৯-এর কল সেন্টারের মাধ্যমে সহায়তা নিয়েছেন দুই লাখ ৭৪ হাজার ৭৯ জন। পাশাপাশি ফেসবুক ও মেসেঞ্জারের মতো অনলাইন মাধ্যম ব্যবহার করে আইনি পরামর্শ পেয়েছেন আরও ৪৫৭ জন।

আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ ও বিচারপ্রার্থী মানুষের আইনি অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় এ কর্মসূচি পরিচালিত হয়। এর মাধ্যমে যোগ্য ব্যক্তিদের সরকারি খরচে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করে। সরকারি এ উদ্যোগের মূল লক্ষ্য হলো আর্থিক অসচ্ছলতার কারণে যেন কোনো বিচারপ্রার্থী প্রয়োজনীয় আইনি সহায়তা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ