Views Bangladesh Logo

রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় এক দিনের রিমান্ড শেষে তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে হাজির করা হলে এ আদেশ দেওয়া হয়।

রিমান্ড শেষে মাকছুদাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন। আবেদনে তিনি উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদে মামলাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তের অগ্রগতিতে সহায়ক হবে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাকছুদার পক্ষে এদিন কোনো জামিন আবেদন করা হয়নি।

এর আগে সোমবার আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ইসলামের চার দিন এবং মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলাটির তদন্তভার পরে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় রাতে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেওয়া হয়। পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল, মাকছুদা ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করে মামলা করেন।

মামলার এজাহারে মরিয়মের বাবা অভিযোগ করেন, গত জুনে গাজী নজরুলের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর মরিয়ম ন্যাম ভবনের ওই বাসায় গাজী নজরুল ও মাকছুদার সঙ্গে থাকতেন। এজাহারে আরও দাবি করা হয়েছে, বিয়ের পর বিভিন্ন বিষয় নিয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের কথা মরিয়ম পরিবারের সদস্যদের জানিয়েছিলেন। রোববার বিকেলে নজরুল ফোন করে মরিয়মের বাবাকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে তিনি মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, মরিয়মের বিছানার ওপর কয়েকটি হাতে লেখা চিরকুট পাওয়া গেছে। সেখানে তার মানসিক কষ্ট, প্রতারণার শিকার হওয়ার অনুভূতি ও একটি সম্পর্ক নিয়ে হতাশার কথা লেখা ছিল বলে অভিযোগ করা হয়েছে। মামলার তদন্তে এসব বিষয়সহ মৃত্যুর আগে ও পরের ঘটনাপ্রবাহ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে গাজী নজরুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন বলে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ