Views Bangladesh Logo

কেরানীগঞ্জে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে দুই তরুণীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ছয় যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। আদায়কৃত অর্থ ভুক্তভোগী বা তাদের পরিবারকে দেওয়ার নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন রাহুল (২৩), মো. ডায়মন্ড (২০), আফসার উদ্দিন অনিম (২২), পারভেজ হক পলাশ (২৫), মিনহাজ আবেদীন (২১) এবং মিনহাজ বাবু (২৪)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) জানান, আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড পরিশোধ না করলে তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে সেই অর্থ ভুক্তভোগী বা তাদের পরিবারের কাছে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রাহুল পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। অন্য পাঁচ আসামিকে সাজা পরোয়ানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন বিকেলে দুই তরুণী ও তাদের কয়েকজন বন্ধু কেরানীগঞ্জে এক বন্ধুর জন্মদিন উদযাপন করতে যান। রাতে খাবার শেষে শুভাঢ্যা এলাকায় বাসায় ফেরার জন্য অটোরিকশার অপেক্ষায় থাকাকালে কয়েকজন যুবক তাদের পথরোধ করে। আসামিরা মারধর করে দুই তরুণী ও তাদের বন্ধুদের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে বন্ধুদের ভয়ভীতি দেখিয়ে টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেওয়ার পর দুই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীদের বন্ধুরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে এক তরুণীর বাবা ২৯ জুন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। তদন্ত চলাকালে র‌্যাব মিনহাজ আবেদীনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হওয়া একটি মোবাইল ফোনে ভুক্তভোগী দুই তরুণীকে ধর্ষণের ভিডিও পাওয়া যায় বলে তদন্তে উল্লেখ করা হয়।

পরবর্তীতে তদন্ত শেষে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শরজিৎ কুমার ঘোষ ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক কার্যক্রম চলাকালে ট্রাইব্যুনাল ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর এ রায় ঘোষণা করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ