ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৮ জনে। এর মধ্যে অক্টোবরের প্রথম ২১ দিনেই মারা গেছেন ১২৩ জন। আর চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১৮ হাজার ৫০২ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে একজন করে মারা গেছেন। বাকি দুজনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগের বাইরে অন্য এলাকায়।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ১১১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ১৪৬ জন ভর্তি হয়েছেন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫০ জন।
এ ছাড়া বরিশাল বিভাগে ২৩১ জন, চট্টগ্রামে ২৯৪ জন, খুলনায় ২০৬ জন, ময়মনসিংহে ৬০ জন, রাজশাহীতে ১৬৪ জন, রংপুরে ৪৪ জন এবং সিলেটে আটজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মতামত দিন