হামের উপসর্গ আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৪৯
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৯ শিশু।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৫ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে ১ হাজার ২৮০ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬১ শিশু হামে আক্রান্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৮৮ শিশু। এ সময়ে নতুন করে ৮৮৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৬৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ৭০২। নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ৩৫৫। এ সময়ে মোট ২ লাখ ১১ হাজার ৮৬৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ৩ হাজার ২৫৭ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।
মতামত দিন