Views Bangladesh Logo

এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক উপাচার্য কলিমুল্লাহকে

জুলাই আন্দোলনের সময় রাজধানীর কাফরুল এলাকায় সংঘটিত তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন। কলিমুল্লাহর আইনজীবী মহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, কলিমুল্লাহর কোনো রাজনৈতিক পদ নেই এবং তিনি একজন শিক্ষক। আওয়ামী লীগ সরকারের আমলেও তাকে গ্রেফতার করা হয়েছিল। কেবল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকার কারণেই তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এর বিরোধিতা করে বলেন, কলিমুল্লাহ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তরিকুল ইসলাম রুবেল হত্যার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে।

আদালতের অনুমতি নিয়ে নিজের বক্তব্যে কলিমুল্লাহ বলেন, ছাত্রজীবন থেকে শিক্ষকতা—কোনো সময়ই তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। উপাচার্যের দায়িত্ব পালনকালে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় তাকে কারাগারে যেতে হয়েছিল বলেও দাবি করেন তিনি। জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদ তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন উল্লেখ করে তিনি বলেন, সাঈদ হত্যার প্রতিবাদেও তিনি কথা বলেছেন। তিনি নিজেকে শুধু একজন শিক্ষক হিসেবে উল্লেখ করেন।

এর আগে গত বছরের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে ডিবি পুলিশ কলিমুল্লাহকে গ্রেপ্তার করে। পরে তাকে কারাগারে পাঠানো হয়। গত ১৪ জুন উচ্চ আদালত থেকে জামিন পেলেও অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর কারণে তার মুক্তি আটকে যায়। সম্প্রতি উত্তরা পশ্চিম থানার একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পাওয়ার পর কাফরুলের তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কাফরুল এলাকায় আন্দোলনে অংশ নেন তরিকুল ইসলাম রুবেল। ওইদিন রাত ৮টার দিকে আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলার ঘটনা ঘটে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রুবেল। পরে এ ঘটনায় কাফরুল থানায় হত্যা মামলা করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ