Views Bangladesh Logo

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি আখতারুজ্জামান ৩ দিনের রিমান্ডে

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রক্ষিতে সোমবার (১০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন।

আদালতের প্রসিকিউশন শাখার উপ-পরিদর্শক (এসআই) আরিফ রেজা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মো. মাসুদুর রহমান। সেদিন রিমান্ড শুনানির দিন ধার্য না থাকায় তাকে কারাগারে পাঠানো হয়েছিল এবং রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

সোমবার কড়া পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে তা মঞ্জুরের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সাথে আসামির জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ, তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অবৈধ পরিকল্পনার তথ্য উন্মোচন এবং উদ্ধারকৃত ককটেলের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার লক্ষ্যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ জুন সকালে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতাকর্মী তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় একটি মিছিল বের করেন। মিছিল থেকে তারা সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। ওই ঘটনায় বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ