জুলাই হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ইসলাম
জুলাই আন্দোলনের সময় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নুরুল ইসলাম নাহিদের পক্ষে কোনো আইনজীবী জামিন আবেদন করেননি। তাঁর বিরুদ্ধে রিমান্ডের আবেদনও না থাকায় তাঁকে এজলাসে তোলা হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ মামলার ঘটনা ও পলাতক আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই করা হচ্ছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, আন্দোলন প্রতিহত করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অর্থায়ন এবং সক্রিয় অংশগ্রহণের অভিযোগে তাঁর বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত চলমান থাকায় তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে রাখা প্রয়োজন। প্রয়োজনে পরবর্তী সময়ে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।
এর আগে বৃহস্পতিবার রাত ২টা ১০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে এ অভিযান চালানো হয়। পরে তাঁকে উত্তরা পশ্চিম থানার এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কোটা সংস্কার আন্দোলন চলছিল। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলি চালান। এতে জামিয়াছিন ইসলামীয়া মাদ্রাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম পেটে গুলিবিদ্ধ হন। পরদিন ২০ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।
এ ছাড়া সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানায় দায়ের করা হত্যা, হত্যাচেষ্টা ও সহিংসতার ১৪টি মামলায়ও নুরুল ইসলাম নাহিদের নাম রয়েছে বলে সিডিএমএস পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে।
মতামত দিন