Views Bangladesh Logo

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

সর্বশেষ গ্রেপ্তার দেখানো এই মামলায় জামিন বহাল থাকায় খায়রুল হকের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মোতাহার হোসেন।

পৃথক সাত মামলায় জামিন পাওয়ার পর গত ২৩ মে যাত্রাবাড়ী থানার ওই মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট খোবাইব নামের একজনকে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় মামলাটি করেছিলেন নিহত ব্যক্তির ভাই জোবায়ের আহম্মেদ।

ওই মামলায় অধস্তন আদালতে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিনের আবেদন করেন খায়রুল হক। শুনানি শেষে গত ৩০ জুন হাইকোর্ট রুল জারি করে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনটি চেম্বার আদালতের বৃহস্পতিবারের কার্যতালিকায় ১০৫ নম্বর ক্রমিকে ওঠে।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

আদেশের পর আইনজীবী মোতাহার হোসেন বলেন, আট মামলার মধ্যে অন্য সাত মামলায় খায়রুল হককে হাইকোর্ট জামিন দিয়েছিলেন, যা আপিল বিভাগও বহাল রাখেন। সর্বশেষ যাত্রাবাড়ী থানার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়, যদিও মামলার এজাহারে তার নাম ছিল না। এ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত ‘নো অর্ডার’ দেওয়ায় জামিন বহাল রইল। ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা থাকল না।

উল্লেখ্য, খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে জুলাই গণ-অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে যুবদলের কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর পর থেকে বিভিন্ন মামলায় কারাগারে আছেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ