Views Bangladesh Logo

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত

সব মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বুধবার (১৯ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারা সদর দফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের আদেশের কপি পাওয়ার পর বিধি অনুযায়ী খায়রুল হককে মুক্তি দেওয়া হয়েছে।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। বিভিন্ন সময়ে তাকে মোট নয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত ১০ আগস্ট বনানী থানার একটি মামলায় খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পরে পৃথক আটটি মামলায় জামিন পাওয়ার পর বনানী থানার ওই মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

সবশেষ গত সোমবার (১৭ আগস্ট) হত্যা চেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় করা মামলায় সাবেক এই প্রধান বিচারপতির জামিন বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে তার কারামুক্তির আইনি বাধা দূর হয়।

তবে জামিনে মুক্তি পেলেও আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না এ বি এম খায়রুল হক। আপিল বিভাগের আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া সুনির্দিষ্ট কোনো মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার বা হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশও বহাল রেখেছেন আপিল বিভাগ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ