আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক
আদালতের অনুমতি ছাড়া সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক দেশত্যাগ করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সোমবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের লিখিত আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। তবে তার জামিন বহাল থাকায় যেকোনো সময় তিনি কারামুক্ত হতে পারবেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
এদিকে জুলাই গণআন্দোলনের সময় রাজধানীর বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত ‘নো অর্ডার’ দেন।
আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোনায়েম নবী শাহীনসহ অন্যরা। জামিন বহাল থাকায় সাবেক প্রধান বিচারপতির কারামুক্তিতে আর আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
এর আগে গত ১০ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় খায়রুল হককে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ তাকে জামিন দেন।
২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই গণআন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আপিল বিভাগের সর্বশেষ আদেশের ফলে একদিকে এসব মামলায় তার জামিনের পথ পরিষ্কার হলেও, আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে।
মতামত দিন