যাত্রাবাড়ীর মামলাতেও জামিন পেলেন বিচারপতি খায়রুল হক
রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার খায়রুল হকের করা জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে তার পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু, সাঈদ আহমেদ রাজা এবং মো. জাহাঙ্গীর হোসেন।
আদেশের পর আইনজীবী সাঈদ আহমেদ রাজা সাংবাদিকদের জানান, যাত্রাবাড়ীর মামলাসহ মোট আটটি মামলায় এখন পর্যন্ত খায়রুল হক জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে বর্তমানে আর কোনো বিচারাধীন মামলায় জামিনের আবেদন ঝুলে নেই। এছাড়া নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও তাদের কাছে কোনো তথ্য নেই। এ অবস্থায় আপাতত তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই। তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, কোনো মামলায় জামিন পাওয়ার পর পুরোনো তারিখ দেখিয়ে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাই এবারও এমন কিছু ঘটতে পারে কি না, সে বিষয়ে আগে থেকে নিশ্চিত হওয়ার সুযোগ নেই।’
তিনি জানান, আদালতের আদেশ অনুযায়ী বর্তমানে খায়রুল হকের বিরুদ্ধে থাকা সব পরিচিত মামলায় তিনি জামিনে রয়েছেন। তবে ভবিষ্যতে নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। ফলে তার কারামুক্তির বিষয়টি এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার পরবর্তী পদক্ষেপের ওপরও নির্ভর করবে।
মতামত দিন