Views Bangladesh Logo

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের তিন বছরের কারাদণ্ড

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এসকে সুর চৌধুরী)কে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন এ রায় দেন। এর আগে কারাগার থেকে এসকে সুরকে আদালতে হাজির করা হয়। সাজা ঘোষণার পর তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিচার শেষে আদালত এই রায় দেন।

মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে এসকে সুর এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের তথ্যসহ সম্পদের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক।

গত বছরের ২৭ অক্টোবর এসকে সুর নিজে সম্পদ বিবরণী দাখিলের নির্ধারিত ফরম গ্রহণ করলেও নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি তা জমা দেননি।

এ ঘটনায় গত বছরের ২৩ ডিসেম্বর এসকে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন।

পরে ২৫ আগস্ট মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন। একই বছরের ৬ নভেম্বর আদালত এসকে সুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

বিচার চলাকালে সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এই রায় দেন।

এর আগে, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এসকে সুরকে গ্রেপ্তার করে দুদক । এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ