তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুর কারাগারে
দশ বছর আগের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে (৫২) পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে তাকে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের জ্যেষ্ঠ বিচারক তায়েব উদ্দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক ছাদেকুর রহমান।
এর আগে চলতি বছরের ২২ এপ্রিল হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। গত ২ আগস্ট হাইকোর্ট তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিলে ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আপিল করে।
গত ৬ আগস্ট আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেন এবং তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন; অন্যথায় পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করায় শনিবার সকাল ৮টার দিকে ঢাকা কেরানীগঞ্জের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম জানান, হাইকোর্ট থেকে জামিন পেলেও চেম্বার আদালত তা স্থগিত করেছিলেন। তাকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হলেও তিনি আত্মসমর্পণ করেননি, তাই তাকে পুনরায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা ময়নামতি সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। ওই রাতেই সেনানিবাসের ভেতরের পাওয়ার হাউসের কাছের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনার পরদিন তনুর বাবা ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
মতামত দিন