শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার শেডে লাগা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (৫ জুন) রাতে বিমানবন্দরের ৯ নম্বর গেট সংলগ্ন কার্গো শেডে এ আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ জানান, রাত ১১টা ২৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায় এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানানো হয়। তাদের চারটি ইউনিট ১১টা ৩৮ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, খবর পাওয়ার মাত্র তিন মিনিটের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এর আগে গত বছরের ১৮ অক্টোবর একই বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেসময় ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট টানা সাড়ে ছয় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সাময়িকভাবে বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে