Views Bangladesh Logo

৯ শ্রমিকের মৃত্যু: ফেরদৌস স্টিল কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা

পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্ঘটনাকবলিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার সকালে চট্টগ্রামের খুলশীতে পরিবেশ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার জন্য সর্বশেষ পরিবেশগত ছাড়পত্র নেওয়া হয়েছিল ২০২৫ সালের ১৩ আগস্ট। ওই ছাড়পত্রের মেয়াদ ছিল চলতি বছরের ১২ আগস্ট পর্যন্ত। তবে মেয়াদ শেষ হওয়ার দুই দিন পর ১৪ আগস্ট ইয়ার্ডে ‘এমটি রাসি’ নামের একটি পুরোনো জাহাজ কাটার কাজ চলছিল। এ সময় বিষাক্ত গ্যাস নির্গত হয়ে নয়জন শ্রমিকের মৃত্যু হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক জমির উদ্দিনের স্বাক্ষর করা আদেশে বলা হয়েছে, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত ওই জাহাজ কাটার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে প্রতিষ্ঠানটিকে।

পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটার কাজ চালানো বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৭ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ বলেও জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

এদিকে বিশেষজ্ঞ কমিটির পরিদর্শনে দুর্ঘটনাকবলিত জাহাজটির আরও তিনটি ব্যালাস্ট ট্যাংকে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানা গেছে। ফলে দুর্ঘটনার পর জাহাজটির অন্য অংশেও বিষাক্ত গ্যাসের ঝুঁকি রয়েছে কি না, তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ