Views Bangladesh Logo

সাত মাসের শিশুকন্যাকে আছড়ে হত্যা: অভিযুক্ত বাবার তিন দিনের রিমান্ড

রাজধানীর উত্তরায় সাত মাস বয়সী কন্যাশিশু রাফা মনিকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্তে নতুন তথ্য উদঘাটনের স্বার্থে পুলিশের আবেদনের পর এ আদেশ দেওয়া হয়।

রোববার (২৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন।

আদালত সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই উত্তরার সিরাজ মার্কেটসংলগ্ন বালুর মাঠ এলাকায় পারিবারিক বিরোধের জেরে কবির ইসলাম তার সাত মাস বয়সী মেয়েকে মাটিতে আছড়ে মারেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরদিন তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়।

গুরুতর আহত শিশুটিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুলাই তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর পর ১৭ জুলাই তার নানি শারমীন আক্তার বাদী হয়ে তুরাগ থানায় কবির ইসলামকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল গত ২৩ জুলাই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন। নির্ধারিত শুনানির দিন রোববার তাকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ রিমান্ডের প্রয়োজনীয়তা তুলে ধরে। আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় শুনানি শেষে আদালত রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় দুই বছর আগে রিকশাচালক কবির ইসলামের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে একমাত্র সন্তান ছিল রাফা মনি। অভিযোগ রয়েছে, কবির ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই স্ত্রীকে মারধর ও মানসিক নির্যাতন করতেন।

ঘটনার দিন লিমা আক্তার অসুস্থ বাবাকে দেখতে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে যান। পরে সেখানে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে কবির ইসলাম শিশুটিকে নানির কোল থেকে কেড়ে নিয়ে রাস্তায় আছড়ে মারেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ