Views Bangladesh Logo

রামপুরায় গুলিবিদ্ধ ‘কাইল্যা পলাশ’ প্রাণ হারালেন হাসপাতালে

ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পুলিশের একসময়কার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন খান পলাশ, যিনি অপরাধজগতে ‘কাইল্যা পলাশ’ নামে পরিচিত ছিলেন। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পলাশ।

গত ১২ জুন দুপুরে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের বিপরীতে নিজ বাসার কাছাকাছি এলাকায় সশস্ত্র হামলার শিকার হন পলাশ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলায় তার মাথায় দুটি গুলি লাগে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শেষ পর্যন্ত তিনি মারা যান।

ঘটনার পর পলাশের স্ত্রী মাহমুদা খানম হাতিরঝিল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় জিসান আহমেদ মন্টিকে প্রধান আসামি করা হয়। এছাড়া আরও কয়েকজনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে ইমাম হোসেনকে বাড্ডা এলাকা থেকে এবং মারুফ সুলতানকে হাতিরঝিল এলাকা থেকে আটক করা হয়। পুলিশের দাবি, গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের চালক ছিলেন ইমাম হোসেন। অন্যদিকে মারুফ সুলতান ঘটনার সময় এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুজনের নাম মামলার এজাহারে না থাকলেও তদন্তে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। হামলার পেছনের কারণ এবং জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন ইয়াছিন খান পলাশ। ২০০২ সালে রামপুরায় সংঘটিত ওই হত্যাকাণ্ডের মামলায় বিচারিক আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। পরে উচ্চ আদালত সেই সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করেন। সম্প্রতি তিনি জামিনে কারামুক্ত হয়েছিলেন। কারাগার থেকে মুক্তির প্রায় এক মাসের মাথায় হামলার শিকার হন এবং শেষ পর্যন্ত প্রাণ হারান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ