Views Bangladesh Logo

জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

জুলাই আন্দোলনের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই আশরাফুল আলম।

গত ৭ এপ্রিল ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আজ জামিন মঞ্জুর করা হলো।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর আজিমপুর এলাকায় একটি হামলার ঘটনায় আশরাফুল ইসলাম ওরফে ফাহিম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৩০ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও অজ্ঞাতনামা আসামি রাখা হয়।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সংসদ ভেঙে দেওয়া হলেও সাংবিধানিক প্রক্রিয়ায় পরবর্তী স্পিকার দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। পরে ২ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন।

শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালে প্রথম নারী হিসেবে স্পিকার নির্বাচিত হন এবং পরবর্তীতে টানা তিন মেয়াদে এই পদে দায়িত্ব পালন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ