সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে দাখিল করা হয়েছে। অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজন অভিনেতা, অভিনেত্রী ও ব্যক্তিত্বের বিরুদ্ধেও তদন্তের দাবি জানানো হয়েছে।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টি এবং রাষ্ট্রসংলাপ ফোরামের পক্ষ থেকে পৃথকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এসব অভিযোগ দাখিল করা হয়। অভিযোগ দাখিলের পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, দুটি সংগঠন অভিযোগ জমা দিয়েছে। তবে অভিযোগের বিষয়বস্তু এখনো তিনি বিস্তারিতভাবে পর্যালোচনা করেননি।
রাষ্ট্রসংলাপ ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু)-এর বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। তাদের দাবি, ওই সময় সংঘটিত ঘটনাবলিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা আইন অনুযায়ী তদন্ত করা হোক।
সংগঠনটি আরও দাবি করেছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বা এর সঙ্গে সংশ্লিষ্ট সময়ে সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজন ব্যক্তির কর্মকাণ্ডও তদন্তের আওতায় আনা উচিত।
রাষ্ট্রসংলাপ ফোরামের প্রকাশিত তালিকায় রয়েছেন- অভিনেতা ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, হিরো আলম, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, জায়েদ খান, সুজাতা আজমী, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর এবং মারিয়া কিসপট্টার নাম।
তবে অভিযোগ দাখিল করা হলেও এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। অভিযোগগুলো প্রাথমিকভাবে যাচাই-বাছাই শেষে তদন্তের জন্য গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া হবে।
মতামত দিন