দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক সংসদ সদস্য ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (২১ জুন) ঢাকা মহানগর দায়রা স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানিতে দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিলের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুদকের অভিযোগ অনুযায়ী, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় সরকারি ক্ষমতার অপব্যবহার করে সংশ্লিষ্টরা এজেন্ট হিসেবে নিয়োগ পান এবং নির্ধারিত সরকারি ফি’র অতিরিক্ত অর্থ আদায় করেন। শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন ধাপে মোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া ওই অর্থ অবৈধভাবে বিভিন্ন মাধ্যমে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগও রয়েছে। এ ঘটনায় দুর্নীতি দমন আইন, দণ্ডবিধি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২২ মার্চ রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরবর্তীতে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
মতামত দিন