Views Bangladesh Logo

ইউসিবির ২৫ কোটি টাকা আত্মসাৎ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছরের কারাদণ্ড

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মোকাররম হোসাইন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

একই মামলায় জাবেদের স্ত্রী ও ইউসিবির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ আরও ১৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ফলে মামলার ৩৬ আসামির মধ্যে মোট ১৭ জন দণ্ডিত হয়েছেন। বাকি ১৯ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না পাওয়ায় তাঁদের খালাস দিয়েছেন আদালত।

১০ বছর করে সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, বজল আহমেদ বাবুল, এম এ সবুর, সাবেক পরিচালক বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান, শাহ আলম ও এজিএম উৎপল পাল।

এর আগে গত রোববার মামলায় সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। এরপর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায়ের দিন ধার্য করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ভিশন ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে দেখিয়ে ইউসিবি থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করানো হয়। পরে ওই অর্থ উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার এবং সেখানে সম্পদ কেনার অভিযোগ আনা হয়।

অভিযোগপত্র অনুযায়ী, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে এসব লেনদেন ও অর্থ পাচারের ঘটনা ঘটে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ