জামিন পেলেন আবুল বারাকাত, কারামুক্তিতে বাধা নেই
দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় জামিন পেয়েছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত। সোমবার (৮ জুন) দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ তার জামিন আবেদন গ্রহণ করেন।
আদালতের এই আদেশের ফলে ড. আবুল বারকাতের কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে জামিন আবেদন মঞ্জুরের পাশাপাশি একটি শর্ত জুড়ে দিয়েছেন আপিল বিভাগ। শর্তানুযায়ী, তাকে নিজের পাসপোর্ট আদালতে জমা দিতে হবে।
এর আগে জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এননটেক্স গ্রুপকে অনিয়মের মাধ্যমে ঋণ প্রদান এবং ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক।
গত বছরের ২০ ফেব্রুয়ারি আবুল বারকাতসহ মোট ২৩ জনকে আসামি করে এই মামলাটি দায়ের করা হয়েছিল। মামলা দায়েরের পর গত বছরের ১০ জুলাই রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর পর থেকে তিনি কারাগারেই বন্দি ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে