রামপুরায় কার্নিশে ঝুলন্ত যুবককে গুলি ও দুই হত্যা: হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করে হত্যাচেষ্টা এবং পৃথক ঘটনায় আরও দুজনকে হত্যার মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
একই মামলায় রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড এবং রামপুরা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলায় প্রসিকিউশনের পক্ষে তদন্ত কর্মকর্তাসহ মোট ১৩ জন সাক্ষ্য দেন। গত ১৫ জুন প্রসিকিউশন ও আসামিপক্ষের দ্বিতীয় দফার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ ছিল।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে পলাতক রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান। অন্যদিকে এসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এএসআই চঞ্চল চন্দ্র সরকার বর্তমানে কারাগারে রয়েছেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলির হাত থেকে বাঁচতে রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন আমির হোসেন। পুলিশ তাকে ধাওয়া করলে তিনি ভবনের ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকেন। সেই অবস্থায়ও এক পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়েন। গুলিবিদ্ধ হলেও আমির হোসেন প্রাণে বেঁচে যান।
একই দিনে বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নিহত হন নাদিম হোসেন ও মায়া ইসলাম। এসব ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম পরিচালনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এই রায়কে জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
মতামত দিন