নজিরবিহীন দাবদাহে নেদারল্যান্ডসে এক সপ্তাহে ৪৮০ প্রাণহানি
ইউরোপজুড়ে চলমান নজিরবিহীন তাপপ্রবাহে নেদারল্যান্ডসে মাত্র এক সপ্তাহে স্বাভাবিকের তুলনায় ৪৮০ জনের বেশি মানুষের অতিরিক্ত মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ডাচ স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ডাচ স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২২ থেকে ২৮ জুনের মধ্যে নেদারল্যান্ডসে স্বাভাবিক সময়ের তুলনায় ৪৮০টির বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। মৃতদের অধিকাংশের বয়স ছিল ৮০ বছর বা তার বেশি। বিশেষ করে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল, যেখানে তাপমাত্রা অন্যান্য অঞ্চলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।
বিশেষজ্ঞদের মতে, গত ২০ জুন থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ। চলতি বছরের জুনে নেদারল্যান্ডসে তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙেছে। জুনের শেষ সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা দেশটির স্বাভাবিক আবহাওয়ার তুলনায় অস্বাভাবিকভাবে বেশি। এতে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
শুধু নেদারল্যান্ডসই নয়, দাবদাহের তীব্রতায় বিপর্যস্ত ইউরোপের আরও কয়েকটি দেশ। এর আগে ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছিল, দেশটিতে চলমান তাপপ্রবাহের কারণে স্বাভাবিকের তুলনায় অন্তত এক হাজার অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়াবিদ ও জলবায়ু বিজ্ঞানীদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবেই ইউরোপে তাপপ্রবাহের মাত্রা ও স্থায়িত্ব ক্রমেই বাড়ছে। ঘন ঘন ও দীর্ঘস্থায়ী দাবদাহ ভবিষ্যতে জনস্বাস্থ্য, কৃষি এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর আরও বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে বলে তারা সতর্ক করেছেন।
মতামত দিন