Views Bangladesh Logo

ঈদযাত্রা: কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল, বিলম্বে ৫ ট্রেন

পবিত্র ঈদুল আজহার ছুটির প্রথম দিন ও ট্রেনে ঈদযাত্রার তৃতীয় দিনে রাজধানীর কমলাপুর ঢাকা রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। তবে যাত্রার এই চাপের মধ্যেই উত্তরাঞ্চলগামীসহ পাঁচটি ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।

রেল কর্তৃপক্ষ এটিকে ‘অপারেশনাল ডিলে’ এবং রেললাইনের ওপর স্থানীয়দের খড় শুকানোর কারণে ট্রেনের গতি কমে যাওয়াকে দায়ী করলেও, ঘণ্টার পর ঘণ্টা প্ল্যাটফর্মে অপেক্ষা করতে গিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।

সোমবার (২৫ মে) সকালে ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, স্টেশনের পার্কিং এলাকা থেকেই ঘরমুখো মানুষের দীর্ঘ লাইন শুরু হয়েছে। যাত্রীদের শুরুতে বাঁশের তৈরি বিশেষ চেকিং এলাকা পার হতে হচ্ছে এবং পরে প্ল্যাটফর্মে প্রবেশের আগে আবারও টিকিট পরীক্ষা করছেন টিটিইরা। তবে প্ল্যাটফর্মে প্রবেশ করতেই চোখে পড়ে ভিন্ন চিত্র; সেখানে হাজারো মানুষ শিডিউল বোর্ডের দিকে তাকিয়ে উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তারা সবাই বিলম্বিত ট্রেনের যাত্রী এবং তাদের মধ্যে উত্তরাঞ্চলগামী মানুষের উপস্থিতিই সবচেয়ে বেশি।

স্টেশন সূত্রে জানা গেছে, সকাল থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে প্রায় ১৫টি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ত্যাগ করলেও ২টি ট্রেন বিলম্বে ছেড়েছে এবং আরও ২টি ট্রেন নির্ধারিত সময় পার হওয়ার পরও প্ল্যাটফর্ম ছাড়েনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ