Views Bangladesh Logo

‘আমাকে রেখে বাবাকে আনতে যেও না’

Masum   Hossain

মাসুম হোসেন

‘আমাকে রেখে বাবাকে আনতে যেওনা তোমরা কেউ। আমিও বাবাকে নিতে যাব।’

কথাগুলো বলে সৌদি আরবে বোমা হামলায় নিহত বাংলাদেশি যুবক শাহেদ আহম্মেদ আশিকের বড় ছেলে ১১ বছর বয়সী কাউসার।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় তার স্বজনদের উদ্দেশে কথাগুলো বলে কাউসার। সে শুধু শুনেছে তার বাবার কিছু একটা হয়েছে। তবে এখনো সে জানে না যে, তার বাবা আর কোনোদিন তাকে ডাকবে না। তার বাবা আসবে, নিথর দেহে। নিহত আশিকের ৬ বছর বয়সী আব্দুল্লাহ নামে আরও এক ছেলে সন্তান রয়েছে।

নিহত আশিক বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম রফিকুল ইসলাম ও মায়ের নাম শাহেরা বেগম।

গত ৯ আগস্ট শুক্রবার সন্ধ্যায় বগুড়া থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন আশিক। পরদিন ১০ আগস্ট শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্ত্রী কহিনূর আক্তার কাঁকলিকে ফোন করেন তিনি। সেটিই ছিল স্ত্রীর সঙ্গে আশিকের শেষ কথা। এরপর সেই বিমানবন্দরে বোমা হামলায় নিহত হন তিনি।

আশিকের স্ত্রী কহিনূর আক্তার কাঁকলি ভিউজ বাংলাদেশকে জানান, দুই বছর পর এক মাসের ছুটিতে দেশে এসেছিলেন আশিক। ছুটি শেষে শনিবার বিকেলে সৌদি আরবে পৌঁছে তাকে ফোন করেন। সেই ফোনালাপই ছিল স্বামীর সঙ্গে তার শেষ কথা। এরপর আর কোনো দিন স্বামীর কণ্ঠ শোনা হবে না বলে কান্নায় ফেটে পড়েন তিনি।


আশিকের চাচাতো ভাই মাসুম রানা ভিউজ বাংলাদেশকে জানান, ২০১৩ সাল থেকে সৌদি আরবে থাকতেন আশিক। তার বাবা দুই যুগেরও বেশি সময় ধরে সৌদি আরবে কর্মরত। প্রায় তিন মাস আগে আশিকের মা ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। ওমরা পালন শেষে তিনি স্বামীর সঙ্গে সৌদির দাম্মাম এলাকায় অবস্থান করছিলেন।

তিনি আরও জানান, আশিক সৌদির জেদ্দায় থাকতেন এবং সেখানে একটি কোম্পানিতে প্লাম্বার হিসেবে কাজ করতেন। সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে পৌঁছে জেদ্দায় যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময়ই বোমা হামলায় তার মৃত্যু হয়।

মাসুম রানা জানান, আশিকের ছেলেরা বুঝতে পারছে না যে, তাদের বাবা মারা গেছেন। কাউসার বারবার বলছে, আমাকে রেখে যেন বাবাকে কেউ আনতে যেও না। সে শুধু বুঝেছে তার বাবার বিপদ হয়েছে।

বগুড়ার শাজাহানপুরের কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাসির জানান, আশিকের বাড়িতে সরেজমিনে গিয়ে খোঁজখবর নিয়ে তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রসঙ্গত, সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় হতাহতের ঘটনা ঘটে। সেই হামলায় মারা যান আশিক।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ