Views Bangladesh Logo

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় দীপু মনিসহ তিনজনকে গ্রেপ্তার

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার (১৪ মে) প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই আদেশ দেন এবং আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৭ মে জারি করা প্রোডাকশন ওয়ারেন্টের ভিত্তিতে আজ সকালে এই তিন আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ৭ জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করে ওইদিন আসামিদের পুনরায় হাজির করার নির্দেশ প্রদান করেন।

এ সময় প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় যে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, এই আসামিরা বিভিন্নভাবে তার পরিকল্পনা ও প্রচারের সাথে সরাসরি যুক্ত ছিলেন।

প্রসিকিউশনের তথ্যানুযায়ী, ওই দিনের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মোট ৫৮ জন প্রাণ হারিয়েছেন। এর আগে এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানসহ আরও ছয়জন গুরুত্বপূর্ণ অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

তদন্ত সংস্থা বর্তমানে ওই ঘটনার তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ করছে। আশা করা হচ্ছে, আগামী ৭ জুন ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করার মাধ্যমে এই মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম শুরু হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ