Views Bangladesh Logo

এবার দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সাবেক সদস্য আগরওয়ালা।

সোমবার (২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির দুদকের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আবেদনে উল্লেখ করেন, জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৪০৭ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন ও নিজের দখলে রাখার অভিযোগ রয়েছে আগরওয়ালার বিরুদ্ধে। তদন্তে প্রাথমিকভাবে অপরাধে তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে আবেদনে জানানো হয়। মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো জরুরি বলেও যুক্তি দেন তিনি।

দুদকের অনুসন্ধানে আরও উঠে এসেছে, আগরওয়ালা এবং তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৩৪টি ব্যাংক হিসাব পরিচালিত হয়েছে। এসব হিসাবে জমা পড়েছে ৩৮৫ কোটি ৩২ লাখ ৬২ হাজার ১২৩ টাকা, আর তোলা হয়েছে ৩৬৯ কোটি ৯৭ লাখ ৯৪ হাজার ১৪০ টাকা। সব মিলিয়ে ৭৫৫ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ২৬৩ টাকার লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করা হয়েছে বলে অভিযোগ।

গত বছরের ৮ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এসব অভিযোগে মামলাটি দায়ের করে।

এর আগে এ মাসেই আগরওয়ালাকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করা হয়। চব্বিশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের দিন এক শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় রাজধানীর বনানী থেকে তাকে ডিবি গ্রেপ্তার করে, এবং ওই মামলায় তাকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পর সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করেছিল র‍্যাব।

আগরওয়ালা বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সাবেক সভাপতি এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও সহ-সভাপতি হিসেবেও পরিচিত।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ