Views Bangladesh Logo

দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড

মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক মো. আশরাফুল হাসান দিলীপ কুমার আগরওয়ালার তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলাটি তদন্তাধীন। অর্থ পাচারের অভিযোগের সত্যতা যাচাই এবং মামলার বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনার জন্য দিলীপকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। তাঁদের দাবি, বিদেশ থেকে বৈধভাবে স্বর্ণ আমদানি করা হয়েছে এবং স্বর্ণ ও হীরা কেনাবেচার রেজিস্টারসহ প্রয়োজনীয় কাগজপত্র তদন্ত কর্মকর্তাকে দেওয়া হয়েছে। মামলার অভিযোগও মিথ্যা বলে দাবি করেন তাঁরা।

এর আগে সোমবার রাজধানীর বনানীর একটি বাসা থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ডায়মন্ড ওয়ার্ল্ডের গুলশান অ্যাভিনিউয়ের শোরুম ও কার্যালয়ে চোরাচালান ও অর্থ পাচারের ঘটনা ঘটে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ