Views Bangladesh Logo

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সব শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। বোর্ডগুলোর মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে, ৪৪ দশমিক ৮৪ শতাংশ।

শনিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার ফল প্রকাশের সময় এসব তথ্য জানানো হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪, যশোরে ৪৪ দশমিক ৯২, চট্টগ্রামে ৫২ দশমিক ০৭, সিলেটে ৫০ দশমিক ৯০, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ এবং ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯ দশমিক ৪৩ শতাংশ।

এ বছর ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন এবং ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন। ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। ছাত্রীদের ক্ষেত্রে এ হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে ৮ দশমিক ৫৬ শতাংশ এগিয়ে ছাত্রীরা।

এবার জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন। মোট ২ হাজার ৭৬০টি কেন্দ্রে ৯ হাজার ১৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

গত বছর পুনর্নিরীক্ষণের আগের হিসাবে জিপিএ-৫ পেয়েছিল ৬৯ হাজার ৯৭ জন। পরে পুনর্নিরীক্ষণে আরও ৩ হাজার ৭৯ জনের জিপিএ-৫ বাড়ে। ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ