দন্তচিকিৎসক পিনু হত্যা: রিমান্ড শেষে স্বামী সোহেল রানা কারাগারে
রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় দন্তচিকিৎসক সারা রোকসানা পিনু হত্যার মামলায় গ্রেপ্তার স্বামী সোহেল রানাকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৫ আগস্ট) রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই হাবিবুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর সিদ্দিক জানান, আসামির পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, রিমান্ডে সোহেল রানাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে তদন্তে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। তদন্তে আরও উল্লেখ করা হয়েছে, নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, দাম্পত্য কলহ ও পারস্পরিক অবিশ্বাসের বিষয়টি সামনে এসেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
আবেদনে আরও বলা হয়, নিহতের বড় বোনের দাবি অনুযায়ী, সারা রোকসানা পিনু জীবদ্দশায় স্বামীর বিরুদ্ধে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ করেছিলেন এবং নিজের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিলেন।
গত বৃহস্পতিবার দক্ষিণখানের ফায়দাবাদের একটি বাসা থেকে সারা রোকসানা পিনুর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতির ছদ্মবেশে সংঘটিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও তদন্তে নতুন তথ্য সামনে আসে।
পুলিশ জানায়, বাসার একটি জানালার গ্রিল কাটা ছিল। তবে জানালার ভেতরের বারান্দায় পাওয়া একটি জুতার ছাপের সঙ্গে বাসা থেকে উদ্ধার হওয়া সোহেল রানার একজোড়া জুতার ছাপের মিল পাওয়া যায়। এই সূত্র ধরেই তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।
হত্যাকাণ্ডের পরদিন নিহতের বোন সারাহ সুলতানা পলি দক্ষিণখান থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তের অগ্রগতির ভিত্তিতে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন