অক্টোবরে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অক্টোবরের ৩১ দিনে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু হলো। চলতি বছর এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৯।
শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার। তাঁদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৩৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে। এ ছাড়া চট্টগ্রামে ২৮১, বরিশালে ২৩৪, খুলনায় ২২৮, রাজশাহীতে ১৪৯, ময়মনসিংহে ৭০ এবং রংপুরে ৬৭ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। সবশেষ ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হওয়ায় অক্টোবরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪।
মতামত দিন