Views Bangladesh Logo

হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাঁকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

এর আগে সংবিধানের ৯৫ অনুচ্ছেদের বিধান অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে গত সোমবার দেবাশীষ রায় চৌধুরীকে স্থায়ী বিচারপতি পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির আদেশক্রমে পরবর্তীতে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান দেবাশীষ রায় চৌধুরী। পরবর্তীতে তাঁর সঙ্গে নিয়োগপ্রাপ্ত অন্যান্য অতিরিক্ত বিচারপতিদের ২০২৫ সালের নভেম্বরে স্থায়ী করা হলেও বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়ায় আইনগত বাধ্যবাধকতায় তাঁর স্থায়ী নিয়োগ তখন পিছিয়ে যায়। সুপ্রিম কোর্ট প্রশাসন নিশ্চিত করেছে যে, বয়সজনিত শর্ত পূরণ সাপেক্ষেই সম্প্রতি তাঁর এই স্থায়ী নিয়োগ সম্পন্ন হলো।

যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা জজ আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দেবাশীষ রায় চৌধুরী। এরপর ২০০৭ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০১৮ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি।

দেবাশীষ রায় চৌধুরী সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সন্তান। তাঁর এই স্থায়ী নিয়োগের মাধ্যমে হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতির সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ