আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে এক রাতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়ে উকিল নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।
শুক্রবার ই-মেইলে পাঠানো এই নোটিসে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) এবং আদ-দ্বীন হাসপাতালের পরিচালককে বিবাদী করা হয়েছে।
গত বুধবার ভোরে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা ছয় নবজাতক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং একে একে তাদের মৃত্যু হয়। নোটিসে বলা হয়, সংকটের সময় হাসপাতালে পর্যাপ্ত জরুরি চিকিৎসা, সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করা হয়নি বলে অভিভাবকরা অভিযোগ করেছেন। দ্রুত উন্নত চিকিৎসা দেওয়া বা উপযুক্ত কেন্দ্রে স্থানান্তরের ক্ষেত্রেও 'গুরুতর বিলম্ব' হয়েছে বলে নোটিসে উল্লেখ করা হয়।
নোটিসে আরও বলা হয়, এই ঘটনা দেশের হাসপাতালগুলোতে মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডের নিরাপত্তা, জরুরি চিকিৎসাসাড়া ও সার্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার 'গুরুতর দুর্বলতা' সামনে এনেছে।
নোটিসে সুনির্দিষ্ট কয়েকটি দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে — দায়ীদের চিহ্নিত করে অবিলম্বে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া; ক্ষতিগ্রস্ত পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া; সব সরকারি ও বেসরকারি হাসপাতালের নবজাতক ওয়ার্ডে রোগী নিরাপত্তা ও পর্যবেক্ষণে কার্যকর প্রটোকল প্রণয়ন এবং হাসপাতালগুলোর সেবামান নিয়মিত তদারকির জন্য একটি সুপারভাইজরি কমিটি গঠন।
নোটিস পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে শিশু মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে, তদন্ত করছে পুলিশও। এক শিশুর বাবা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগে রমনা থানায় মামলা করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে