Views Bangladesh Logo

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার আশরাফুল হক ডনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন ডনের পক্ষে আইনজীবী এম ফরিদুল ইসলাম ও তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন জামিনের আবেদন করেন। তাদের যুক্তি ছিল, মামলার এজাহার ও গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত নথিতে ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি ঘটনার সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন তারা। তবে রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।

এর আগে গত ৯ আগস্ট ডনকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি জানায়, ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। দীর্ঘদিন ধরে তিনি মামলায় পলাতক ছিলেন। পরে তাকে সিআইডির হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে এবং তিনি ফের আত্মগোপনে যেতে পারেন বলে আদালতে উল্লেখ করা হয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় মারা যান সালমান শাহ। তার মৃত্যুর ঘটনায় প্রথমে অপমৃত্যুর মামলা করেন বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে তিনি মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন। দীর্ঘ তদন্তের পর সিআইডি ১৯৯৭ সালে দেওয়া প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করেছিল। তবে ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে পরিবারের পক্ষ থেকে আইনি লড়াই অব্যাহত থাকে।

সবশেষ আদালতের নির্দেশে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের পর গত ২১ অক্টোবর রমনা থানায় নতুন করে মামলা করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। এতে সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, আশরাফুল হক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।

এদিকে সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহের দেহাবশেষ উত্তোলন করে নতুন করে সুরতহাল ও ময়নাতদন্তের অনুমতিও দিয়েছেন আদালত। এ জন্য সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ