Views Bangladesh Logo

আবুল বারকাতের দুই ফ্ল্যাট ও গাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের দুটি ফ্ল্যাটসহ ৪৯ লাখ ৬১ হাজার ৩৮৪ টাকার স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৯ লাখ টাকা মূল্যের একটি গাড়ি জব্দ এবং তাঁর ব্যাংক হিসাবে থাকা অর্থ অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক শাহজাহান কবির এসব আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

ক্রোকের তালিকায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবাসন প্রকল্পে বিনিয়োগ করা আড়াই লাখ টাকা এবং রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডিতে থাকা দুটি ফ্ল্যাট। পাশাপাশি ২৯ লাখ টাকা মূল্যের গাড়িটি জব্দ এবং তাঁর ব্যাংক হিসাবে থাকা সব অর্থ অবরুদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ আদালতে আবেদনটি করেন। আবেদনে বলা হয়, বিভিন্ন প্রতিষ্ঠানকে অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়ার পাশাপাশি জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে আবুল বারকাতের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে তাঁর নামে ৪৯ লাখ ৬১ হাজার ৩৮৪ টাকার স্থাবর সম্পদের পাশাপাশি ৩ কোটি ৫০ লাখ ৩১ হাজার টাকা এবং ১০ হাজার ২৫০ মার্কিন ডলারের অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

দুদকের ভাষ্য, অভিযোগের অনুসন্ধান ও নিষ্পত্তি শেষ হওয়ার আগে এসব সম্পদ বিক্রি, হস্তান্তর বা অন্যভাবে সরিয়ে ফেলার আশঙ্কা রয়েছে। এতে রাষ্ট্রের আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ১৮ অনুযায়ী সম্পদগুলো ক্রোক ও অবরুদ্ধ করার আবেদন করা হয়।

এদিকে জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২০ ফেব্রুয়ারি আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে গত বছরের ১০ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

দীর্ঘদিন কারাগারে থাকার পর হাইকোর্ট থেকে জামিন পান আবুল বারকাত। রাষ্ট্রপক্ষ ওই জামিনের বিরুদ্ধে আপিল করলে গত ২১ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শর্তসাপেক্ষে তাঁর জামিন বহাল রাখেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ