সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন ৩০ আগস্টের মধ্যে দাখিলের নির্দেশ
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৩০ আগস্টের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা, সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন এ তারিখ নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তের অংশ হিসেবে গত ২০ মে সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে ২৪ মে আদালত মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পুনরায় ময়নাতদন্তের অনুমতি দেন। যদিও এ আদেশের বিরুদ্ধে বাদীপক্ষ আবেদন করলে সেটি নথিভুক্ত করা হয়। এর ধারাবাহিকতায় গত ২২ জুন সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের প্রক্রিয়া তদারকির জন্য সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হক, তার মা লতিফা হক লিও (লুসি), খলনায়ক আশরাফুল হক ডন, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার বাদীপক্ষের অভিযোগ, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে তার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। বর্তমানে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ নিজ বাসায় মারা যান। সে সময় ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত হয় এবং পরে সিআইডির তদন্ত প্রতিবেদনে মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। তবে দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত বছরের ২০ অক্টোবর আদালত রিভিশন আবেদন মঞ্জুর করে ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরদিন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মতামত দিন