Views Bangladesh Logo

নিরাপত্তা চেয়ে পিয়ার জিডি তদন্তের নির্দেশ আদালতের

মডেল, অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার করা নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জিডির বিষয়ে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এসআই মোস্তফা কামাল।

গত ৮ জুলাই বনানী থানায় করা জিডিতে পিয়া উল্লেখ করেন, তিনি অতীতে বা বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নন এবং তাঁর কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই। সম্প্রতি একজন নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য হুমকি, ভয়ভীতি ও আপত্তিকর বার্তা পাচ্ছেন। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কাছ থেকে হুমকিমূলক ফোনকলও এসেছে বলে অভিযোগ করেন তিনি।

জিডিতে আরও বলা হয়, প্রায় তিন মাস ধরে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে বিভিন্ন স্থানে অনুসরণ করছেন। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও পুলিশি সুরক্ষা চেয়ে আদালতের শরণাপন্ন হন তিনি।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ