Views Bangladesh Logo

ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলার মামলায় অধিকতর তদন্তের নির্দেশ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, শাহবাগ থানার পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে বাদীপক্ষের নারাজি আবেদনের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। এ সময় মামলার আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

শুনানিতে বাদীপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বলেন, হামলার সময় একজন আসামি পিস্তল উঁচিয়ে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনকে হত্যার চেষ্টা করেছিলেন। অথচ পুলিশ তিনজনকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছে। এ ছাড়া তদন্তের ফলাফল বাদীকে জানানো হয়নি এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হয়নি।

বাদীপক্ষ আরও অভিযোগ করে, হামলার ঘটনায় কোনো আলামতও জব্দ করা হয়নি। পুলিশের দাখিল করা তদন্ত প্রতিবেদনকে ‘অন্তঃসারশূন্য’ দাবি করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইতে দেওয়ার আবেদন করা হয়।

মামলার বাদী সোলাইমান হোসাইনও এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

যেভাবে হামলার ঘটনা
২০২৫ সালের ২১ মে রাতে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, পিস্তল, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রায় ৫০ জন হামলায় অংশ নেন।

হামলায় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, তৎকালীন দপ্তর সম্পাদক রফিক রাফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মহিন ও মফিজুল সাদিকসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরদিন ২২ মে ডিআরইউর প্রশাসনিক কর্মকর্তা সোলাইমান হোসাইন বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। এতে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়।

তদন্ত শেষে শাহবাগ থানা পুলিশ তিন আসামিকে অব্যাহতি দেওয়ার আবেদন করে এবং সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। বাদীপক্ষ ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করলে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে দেওয়ার নির্দেশ দেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ