তাপস ও স্ত্রীর ৬ ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ
দুর্নীতির অভিযোগে করা মামলার তদন্তের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের নামে থাকা ছয়টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাব্বির ফয়েজ দুদকের করা পৃথক দুটি আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান তাপস ও আফরিন তাপসের নামে মধুমতি ব্যাংক পিএলসির তিনটি করে মোট ছয়টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম ‘ব্লক’ করার আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়, সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে শেখ ফজলে নূর তাপস ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখেছেন।
এছাড়া তার নামে থাকা ২৭টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা এবং ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগে দুদক মামলা করেছে, যা বর্তমানে তদন্তাধীন।
তদন্ত চলাকালে তিনি যেন ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে টাকা তুলতে না পারেন, সে জন্য কার্ডগুলোর ডেবিট কার্যক্রম বন্ধ রাখার আবেদন করা হয়।
আফরিন তাপসের বিষয়ে দুদকের আবেদনে বলা হয়, তিনি ও তার স্বামী পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৪০ লাখ ৮৯ হাজার ৯৮ টাকার সম্পদ অর্জন করেছেন।
তাদের নয়টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭০ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৬৬৯ টাকা এবং ৩ লাখ ৯৫ হাজার ৯৬৩ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়ে দুদক মামলা করেছে।
দুদক জানায়, তদন্তের স্বার্থে আফরিন তাপসও যেন ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করতে না পারেন, সে জন্য তার কার্ডগুলোর ডেবিট কার্যক্রমও বন্ধ রাখার আবেদন করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে