আদালতের নির্দেশেও থামছে না দূষণ, ঢাকার বাতাসে বিষের দাপট
রাজধানীর আকাশে ধুলোর আস্তরণ, বাতাসে বিষাক্ত কণার ছড়াছড়ি। শীতের আগমনী বার্তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বায়ুদূষণ। দূষণ নিয়ন্ত্রণে নানা উদ্যোগ, উচ্চ আদালতের একের পর এক নির্দেশনা, এমনকি পরিবেশ রক্ষায় সরকারি প্রতিশ্রুতিও থামাতে পারছে না দূষণের ভয়াবহ বিস্তার।
দিনের পর দিন দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে কোটি মানুষ। কখনো দূষিত শহরের তালিকায় দ্বিতীয়, কখনো তৃতীয়, আবার কোনো দিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে উঠে আসছে ঢাকা। যেন দূষণের সঙ্গে রাজধানীর বসবাস এখন নিত্যদিনের নিয়তি।
সুইজারল্যান্ডভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্যও সেই উদ্বেগজনক বাস্তবতারই প্রতিচ্ছবি।
চলতি নভেম্বর মাসের আইকিউএয়ারের (IQAir) লাইভ র্যাংকিং অনুযায়ী,গড়ে ঢাকার বায়ুমান সূচক ছিল ৩১০। এই মাত্রার দূষণকে 'দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ রাজধানীর বাতাস এখন শুধু অস্বাস্থ্যকর নয়, জনস্বাস্থ্যের জন্য সরাসরি বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। গত ১৬ নভেম্বর সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে আসে ঢাকা।
চলতি নভেম্বরে তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের কলকাতার একিউআই ছিল গড়ে ২৫৬। এছাড়া লাহোর ২২০ স্কোর, মুম্বাইয়ের স্কোর ১৭২, করাচির ১৭০, দিল্লির ১৬৩ এবং কাঠমান্ডুর গড় স্কোর ১৬১। বিপরীতে নরওয়ের অসলো মাত্র ১০ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন বড় শহরের তালিকায় উঠে এসেছে। অর্থাৎ একই পৃথিবীতে কোথাও মানুষ নির্মল বাতাসে শ্বাস নিচ্ছে, আর ঢাকার বাসিন্দাদের প্রতিনিয়ত লড়তে হচ্ছে বিষাক্ত বাতাসের সঙ্গে।
একিউআই (AQI) মানদণ্ড অনুযায়ী ০–৫০: ভালো, ৫১–১০০: মাঝারি বা সহনীয়, ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০: অস্বাস্থ্যকর, ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১+: দুর্যোগপূর্ণ।
ঢাকার দূষণের চিত্র শুধু সামগ্রিক সূচকেই সীমাবদ্ধ নয়। রাজধানী ও আশপাশের এলাকার বাতাস বিশ্লেষণেও মিলেছে ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত। ঢাকা ও সাভারে একিউআই স্কোর ছিল ৩৫৪। টঙ্গীতে ৩৫০ এবং আজিমপুরে ৩১৬। গাজীপুরে স্কোর ২৩২, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের। তুলনামূলকভাবে শ্রীপুরের বাতাস কিছুটা ভালো থাকলেও সেখানেও একিউআই ছিল ১১৬। অর্থাৎ দূষণের বিষবাষ্প রাজধানী ছাড়িয়ে আশপাশের জনপদেও ছড়িয়ে পড়েছে।
ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে উচ্চ আদালতের হস্তক্ষেপ নতুন নয়। ২০১৯ সালে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে একটি রিট আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ২৮ জানুয়ারি হাইকোর্ট নির্মাণ ও সংস্কারকাজের ধুলা নিয়ন্ত্রণ, দূষণপ্রবণ এলাকায় দিনে দুবার পানি ছিটানো এবং পরিবেশ অধিদপ্তরকে সপ্তাহে দুদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেন।
এরপর ২০২০ সালের ১৩ জানুয়ারি রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নয় দফা নির্দেশনা দেন হাইকোর্ট। এর মধ্যে রয়েছে মাটি, বালু ও বর্জ্যবাহী যানবাহন ঢেকে চলাচল নিশ্চিত করা, নির্মাণাধীন স্থাপনা ঘিরে রাখা, সড়কে নিয়মিত পানি ছিটানো, কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন জব্দ করা, অবৈধ ইটভাটা বন্ধ এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বাজার ও দোকানের বর্জ্য নির্দিষ্ট সময়ে বস্তায় ভরে অপসারণের নির্দেশনাও ছিল।
কিন্তু আদালতের এসব নির্দেশনা বাস্তবায়নে কার্যকর অগ্রগতি না থাকায় ২০২৫ সালের ১২ জানুয়ারি আবারও হস্তক্ষেপ করেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ সাত দিনের মধ্যে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে এবং আগের নয় দফা নির্দেশনা বাস্তবায়নের আদেশ দেন। পাশাপাশি অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়। এরপরও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়ায় ২০২৫ সালের ৩০ অক্টোবর তিন সপ্তাহের মধ্যে নয় দফা নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
চলতি বছরের ২ নভেম্বরও একই বিষয়ে নতুন করে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার বেঞ্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২০২০ সালের নির্দেশনা বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা দুই সপ্তাহের মধ্যে হলফনামা আকারে জানাতে বলেন। এর আগে নির্দেশনা বাস্তবায়নে প্রতিবেদন না দেওয়ায় পাঁচ জেলার জেলা প্রশাসকদের আদালতে তলবও করা হয়েছিল। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। দিন দিন ঢাকা যেন আরো বিষাক্ত নগরে পরিণত হচ্ছে।
এ বিষয়ে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ ভিউজ বাংলাদেশকে বলেন, 'ঢাকার বাতাসে বিষের মাত্রা বাড়ছে, অথচ দূষণ নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও জবাবদিহি কতটা কার্যকর, সেই প্রশ্নের জবাব এখনো স্পষ্ট নয়। একদিকে আদালতের নির্দেশ, অন্যদিকে দূষণের ক্রমাগত ঊর্ধ্বগতি—এই দুইয়ের মাঝখানে আটকে আছে নগরবাসীর নির্মল বাতাসে বেঁচে থাকার অধিকার। দূষিত শহরের তালিকায় ঢাকার শীর্ষস্থান তাই কেবল একটি পরিসংখ্যান নয়, বরং পরিবেশ ব্যবস্থাপনার দীর্ঘদিনের ব্যর্থতারও প্রতিচ্ছবি।'
মতামত দিন